সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১, গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙ্গা এলাকায় আজ সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ তিনজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁরা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

ভোর পৌনে চারটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার আওয়ালগাতি গ্রামে।

পুলিশের ভাষ্য, সাঈদ আন্তজেলা ডাকাতদলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার বাগলী গ্রামের আরিফুজ্জামান ওরফে অনু (২০), একই উপজেলার ঘুগরাকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজী (২১) ও পটুয়াখালীর বেতাগী উপজেলার সুপখালী গ্রামের সুবেল খান (২২)।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার আচিনতলা গ্রামের আবুল কাসেম (৩০), তৈলকুপি গ্রামের সুমন ইসলাম (২৮), সেনপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬) ও বান্দরবনের লামা উপজেলার লাহিনঝিরি গ্রামের রবিউল ইসলাম (১৮)।

পুলিশ বলছে, ডাকাতদের কাছ থেকে একটি পাইপগান, রিভলবার, দুটি বন্দুকের গুলি, চারটি বন্দুকের গুলির খোসা, দুটি বড় দা, চারটি লোহার রড ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপাসডাঙ্গা এলাকায় সাতক্ষীরা-খুলনা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ খবর পায়। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমা ফাটায়। বোমার আঘাতে দুজন পুলিশ সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ আবুল কাসেম, সুমন ইসলাম, নজরুল ইসলাম ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলে অন্ধকারের মধ্যে আরও চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা বলেন, সাঈদ মারা গেছেন। অন্য তিনজন আরিফুজ্জামান ওরফে অনু, তরিকুল ইসলাম গাজী ও সুবেল খান সেখানে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাসের ভাষ্য, সাঈদ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত তিনজনের বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।

সাতক্ষীরা গোয়েন্দা শাখার (ডিএসবি) উপপরিদর্শক কামাল হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।