পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাশার মিয়া (২৮) ও এন্তা মিয়া ওরফে আবদুল হক (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত দুজন ডাকাত দলের সদস্য।
গতকাল শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার শাহবাজপুর দেওড়া সড়কে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সহযোগী অন্য ডাকাত সদস্যদের গুলিতে তাঁরা দুজন নিহত হয়েছেন। বাশারের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি এবং এন্তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।
বাশার হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনগ্রামের বাসিন্দা এবং এন্তা মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিনগত রাত দুইটার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের উত্তরপাড়ার বাহার উদ্দিন ওরফে দানা মিয়ার বাড়িতে সশস্ত্র মুখোশধারী ১৪-১৫ জন ডাকাত হানা দেয়। এ সময় তারা বসতবাড়ির কলাপসিবল গেটের তালা কেটে এবং রামদা দিয়ে কুপিয়ে কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সবার হাত-পা বেঁধে মাটিতে ফেলে দেয়। পরে স্টিলের আলমারি ও শোকেস খুলে ৪ লাখ ১২ হাজার টাকা, আট ভরি ওজনের স্বর্ণালংকারসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় দানা মিয়ার স্ত্রী হোসনে আরা খানম (৭৫), ছেলে ফখরুদ্দিন আহমেদ (৪৫) ও টুটুলের স্ত্রী শিরিন আক্তার (৩২) আহত হন। ডাকাতি শেষে পালানোর সময় আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এসে ধাওয়া দিয়ে বাশার মিয়াকে (২১) আটক করে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। আটক বাশারের দেওয়া তথ্য অনুযায়ী, রাত তিনটার দিকে সরাইল থানার পুলিশ অভিযান চালিয়ে শাহবাজপুর গ্রামের উত্তরপাড়া থেকে এন্তা মিয়া ও শাহবাজপুর গ্রামের শফিক মিয়াকে (২০) এবং ডাকাতদের আশ্রয় দেওয়ার অভিযোগে শফিকের মা হনুফা বেগম (৪২), শাহানা বেগমসহ ছয়জনকে আটক করে। ডাকাতদের কাছ থেকে ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কানের তিনটি সোনার দুল উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় ফখরুদ্দিন আহমেদ বাদী হয়ে আটক ৩ জনসহ এজহারে ১০-১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা অনেক তথ্য দেন। ডাকাতির সময় লুট করা মালামাল ও ডাকাত দলের আরও সদস্য শাহবাজুর গ্রামের উত্তরপাড়ায় রয়েছে বলে এন্তা ও বাশার জানান। পরে তাঁদের সঙ্গে নিয়ে শাহবাজপুর গ্রামে অভিযানে যায় পুলিশ। রাত ২টা ৪৫ মিনিটের দিকে শাহবাজপুর-দেওড়া সড়কে তাঁদের সহযোগী ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশে সঙ্গে থাকা ডাকাত এন্তা ও বাশার গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ডাকাতের সঙ্গে কথিত এই বন্দুকযুদ্ধে সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সরাইল থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাঁরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।