পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শিপন (২৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার ডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপনের বিরুদ্ধে শেরপুর ও জামালপুরের বিভিন্ন থানায় খুন, নারী নির্যাতন, অস্ত্র-বিস্ফোরক, মাদকসহ ১৪টি মামলা রয়েছে। পুলিশের দাবি, শিপন একজন কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছিলেন।

আজ সোমবার বেলা একটায় এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকায় নৌকায় করে টহল দিচ্ছিল পুলিশ। স্থানীয় লোকজনের চিৎকারে সন্দেহভাজন একটি নৌকাকে ধাওয়া করে পুলিশ। ধাওয়া করে ওই নৌকা থেকে ইয়াবাসহ শিপনকে আটক করে পুলিশ। পরে শিপনের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সহযোগীদের ধরতে উপজেলার সারমারা ও রামরামপুর এলাকায় পুলিশ দুবার অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। তৃতীয়বার ডুমুরতলা এলাকায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসী দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালালে গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ হন শিপন। পরে গুলিবিদ্ধ শিপনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় বকশীগঞ্জ থানার এসআই আবদুল আজিজসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিপনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।