পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মুদি দোকানি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফিরাতুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ফিরাতুলের স্বজনদের অভিযোগ, গত রোববার সকালে সাদপোশাকের কয়েকজন লোক গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়।
নিহত ফিরাতুলের বাড়ি মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামে। সেখানে একটি মুদি দোকান চালাতেন তিনি।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীবের ভাষ্য অনুযায়ী, নুরপুর গ্রামের একটি কাঁঠালবাগানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। একটি টহল দল সেখানে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ফিরাতুল মারা যান।
গতকাল মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নিহত ফিরাতুলের বোন ডলি বেগম বলেন, ‘গ্রামে দলাদলি আছে। আমার ভাইয়ের নামে কয়েকটি মামলা হয়েছে। একটি মামলায় তিন মাস কারাগারে ছিলেন তিনি। এক মাস আগে ছাড়া পেয়ে বাড়ি আসেন। রোববার সকালে ভাইকে তাঁর শ্বশুরবাড়ি থেকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আজ (মঙ্গলবার) সকালে শুনলাম তাঁকে বন্দুকযুদ্ধে মারা হয়েছে।’