পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শিবির নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা ইবনুল ইসলাম ওরফে পারভেজ (২৯) নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে সদর উপজেলার আড়ুয়াকান্দিতে একটি কবরস্থানের পাশে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থলের কাছেই গতকাল শুক্রবার ভোরে মঠের সেবায়েত শ্যামানন্দকে হত্যা করা হয়। পারভেজ ১৭ দিন ধরে নিখোঁজ ছিলেন।

পারভেজ ঝিনাইদহ শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি টহল দল গাড়িতে করে টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে গাড়িটি আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তি শিবিরের নেতা ইবনুল ইসলাম ওরফে পারভেজ বলে জানা যায়। ওসি জানান, ঘটনার সময় তাঁদের দুজন সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তারা একটি দেশীয় পিস্তল, তিনটি গুলি, পাঁচটি বোমা, দুটি ছুরি, একটি চাপাতি ও দুটি হাঁসুয়া উদ্ধার করেছে। নিহত পারভেজ নাশকতার অভিযোগে করা ১৩টি মামলার আসামি ছিলেন।
পারভেজের বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, গত ১৬ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির একটি বাসা থেকে সাদাপোশাকের লোকজন পুলিশ পরিচয় দিয়ে তাঁর ছেলে পারভেজকে তুলে নিয়ে যান। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তাঁকে জানানো হয়, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পারভেজ নিহত হয়েছেন।
গতকাল ভোরে ছাত্রশিবিরের আরও দুই কর্মী শহীদ আল মাহমুদ ও আনিচুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাঁদেরও ঢাকা থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের লোকজনের অভিযোগ।