পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ', গুলিবিদ্ধ ৫
কক্সবাজারের মহেশখালীতে আজ মঙ্গলবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জোনাব আলী বাহিনীর পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। গুলিবিদ্ধ পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র গুলিবিদ্ধ পাঁচজনকে প্রথমে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার খবরটি জানিয়েছে।
ঘটনাস্থল থেকে রাত আটটার দিকে মুঠোফোনে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী জোনাব আলী বাহিনীর সঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ ১৫টি গুলি ছোড়ে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পাহাড়ি এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।
স্থানীয় এলাকাবাসী ও মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, সংরক্ষিত পাহাড়ি জমির পানের বরজ দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলী পাড়ার জোনাব আলী বাহিনী ও জালাল আহমদ বাহিনীর মধ্যে ১৯৯৪ সাল থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই বাহিনীর মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুই বাহিনীর বিরুদ্ধে পাল্টাপাল্টি ২০ টিরও বেশি মামলা হয়েছে। সর্বশেষ ২০১৪ সালের ১৪ এপ্রিল জোনাব আলী বাহিনীর লোকজন বসতবাড়িতে হামলা চালিয়ে জালাল আহমদ বাহিনীর সদস্য রহমতউল্লাহকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে রহমতউল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে জালাল বাহিনীর লোকজন এলাকা ছাড়া হয়ে যায়। আজ বেলা ১১টার দিকে জালাল বাহিনীর লোকজন এলাকায় ফিরলে প্রতিপক্ষ জোনাব আলী বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় জালাল বাহিনীর দুই সমর্থকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জোনাব আলী বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ ‘বন্দুকযুদ্ধের’ পরে সন্ত্রাসীরা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
বন্দুকযুদ্ধে রবিউল আলম (২২), আমানুল করিম (২০), শফি আলম (২৫), জাহাঙ্গীর আলম (২৫) ও আবদুল মজিদ (২২) গুলিবিদ্ধ হন। এ ছাড়াও এনতাজ বেগম (৪৫), দিলদার বেগম (২৮), উম্মে হাবিবা (২২), রুবিয়া আক্তার (৪০), রেখা ইয়াছমিন (২০), রিনা আক্তার (২২) ও মোহাম্মদ এনাম (২৫) বিভিন্ন ভাবে আহত হন। গুলিবিদ্ধ পাঁচজনকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় রাত আটটা পর্যন্ত দুই বাহিনীর কেউই লিখিত কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।