পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' চার 'ডাকাত' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধর্মতীর্থ হাওর এলাকায় গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় চার ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়ার মোবারক হোসেন, টিটু দাস, আশুগঞ্জের টেকপাড়ার সোহেল সরকার ও অপু বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ধর্মতীর্থ হাওর এলাকায় ১০–১২ জনের একটি দল যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধ’ হয়। ডাকাত দল ৮ থেকে ১০টি ও পুলিশ ছয়টি গুলি ছোড়ে। পরে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, দুটি পাইপগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করে। দুই পক্ষের পাল্টাপাল্টি গুলি চলাকালে ওই এলাকায় একটি মাইক্রোবাস ও ১০ থেকে ১২টি অটোরিকশার চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।