পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ', ১১ মামলার আসামি নিহত
বগুড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরতলির কাছে পীরগাছা-মাটিডালি চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আপন ওরফে সিজার খন্দকার (৩২) চিহ্নিত সন্ত্রাসী এবং শহরতলির মাটিডালী, মানিকচক ও বাংলাবাজার এলাকার ত্রাস ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি অস্ত্র মামলাসহ চাঁদাবাজি-অপহরণসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুটি গুলি, একটি চাপাতি এবং একটি অত্যাধুনিক বর্মিজ চাকু উদ্ধারেরও দাবি করেছে পুলিশ। বন্ধুকযুদ্ধে পুলিশের তিনজন সদস্যও সন্ত্রাসীদের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন। তাঁদের বগুড়া পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গতকাল রাত আড়াইটার দিকে শহরতলির মাটিডালি এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশে সংগঠিত হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একদল পুলিশ নিয়ে সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও জানমাল রক্ষার্থে কয়েকটি পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। গোলাগুলির শব্দ পেয়ে সেখানে উপস্থিত জনতা আহত ব্যক্তির নাম আপন বলে জানান। পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুটি গুলি, একটি চাপাতি ও আহত ব্যক্তির পকেট থেকে একটি অত্যাধুনিক বর্মিজ চাকু উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানায় তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নামে পাঁচটি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। তিনি শহরতলির মাটিডালি, মানিকচক, বাংলাবাজার এলাকার ত্রাস ছিলেন। পুলিশ তাঁকে খুঁজলেও তিনি অনেক দিন পালিয়ে ছিলেন।