পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' দুজন গুলিবিদ্ধ
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে পৃথক ‘সংঘর্ষে’ বিশ্বজিৎ সরকার (২২) ও নুরুজ্জামান (২৪) নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্যমতে, গতকাল সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা পৌরসভার ইসলামপুর এবং দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
উভয় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
গুলিবিদ্ধ বিশ্বজিতের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লার ডাঙ্গি গ্রামে। তাঁর বাবা নারায়ণ সরকার। নুরুজ্জামানের বাড়ি দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আমিনুল মোল্লা।
গুলিবিদ্ধ দুজনকে পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে বলে খবর পেয়ে পুলিশের একটি দল সাতক্ষীরা পৌরসভার ইসলামপুর গ্রামে অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ গুলি ছোড়ে। এতে বিশ্বজিৎ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা বড়ি ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
একই ধরনের তথ্যের ভিত্তিতে দেবহাটার পুষ্পকাটি গ্রামে অভিযানে যায় পুলিশ। সেখানেও পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে। এতে নুরুজ্জামান গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
নুরুজ্জামানের বাবা আমিনুল মোল্লার ভাষ্য, তাঁর ছেলেকে গত রোববার সন্ধ্যার দিকে ডেকে নেয় পুলিশ। আজ মঙ্গলবার সকালে জানতে পারেন, ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। নুরুজ্জামান মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাঁর বাবা।
গুলিবিদ্ধ বিশ্বজিৎ বা তাঁর কোনো স্বজনের সঙ্গে কথা বলা যায়নি।