পুলিশের সঙ্গে 'সংঘর্ষ'ও 'বন্দুকযুদ্ধে' দুই জেলায় গুলিবিদ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে দুই দিনে পুলিশের সঙ্গে কথিত সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, সাতক্ষীরায় মাদকদ্রব্য উদ্ধারের সময় সংঘর্ষে তিন মাদক ব্যবসায়ী ও লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তবে সাতক্ষীরায় গুলিবিদ্ধ তিনজনের পরিবারই বলছে, তাঁরা কেউ মাদক ব্যবসায়ী নন এবং পুলিশ তাঁদের আগেই ধরে নিয়ে গিয়েছিল।
সাতক্ষীরায় ‘সংঘর্ষে’ গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন বিশ্বজিৎ সরকার (২২), নুরুজ্জামান (২৪) ও জাহাঙ্গীর আলম (২০)।
পুলিশের ভাষ্য, সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা পৌর এলাকার ইসলামপুর গ্রামের বেজুরডাংগা সেতু ও দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের একটি ইটভাটার পাশে মাদকদ্রব্য উদ্ধারে অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্বজিৎ ও নুরুজ্জামান গুলিবিদ্ধ হন। আগের দিন মাদকদ্রব্য উদ্ধারের সময় আরেক সংঘর্ষে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর।
বিশ্বজিৎ সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গি গ্রামের নারায়ণ সরকার, জাহাঙ্গীর রসুলপুর মধুমোল্লারডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদার ও নুরুজ্জামান দেবহাটার বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুল মোল্লার ছেলে। তাঁদের পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, সোমবার রাত দেড়টার দিকে ‘বেজুরডাংগা সেতুর পাশে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে’, এমন সংবাদের ভিত্তিতে ইটাগাছা ফাঁড়ির এসআই এমদাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। সে সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে বিশ্বজিৎ গুলিবিদ্ধ হন।
কামাল হোসেন আরও বলেন, একই রকম খবরে ওই দিন গভীর রাতে পুষ্পকাটি গ্রামের একটি ইটভাটার কাছে দেবহাটা থানা-পুলিশের একটি দল অভিযান চালাতে যায়। তখন মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে নুরুজ্জামান গুলিবিদ্ধ হন।
তবে গুলিবিদ্ধ নুরুজ্জামানের বাবা আমিনুল মোল্লা বলেন, তাঁর ছেলেকে রোববার সন্ধ্যার দিকে কুলিয়া আশু মার্কেটের সামনে থেকে পুলিশ ডেকে থানায় নিয়ে যায়। পরে গতকাল সকালে শোনেন পুলিশের ওপর হামলার কারণে সে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর দাবি, নুরুজ্জামান মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ে জড়িত নন।
গুলিবিদ্ধ বিশ্বজিতের স্ত্রী মাধবী সরকার বলেন, তাঁর স্বামী সাতক্ষীরার খুলনা মোড়ে ফলের ব্যবসা করেন। রোববার রাতে তাঁকে পুলিশ ধরে নিয়ে যায়।
এসআই কামাল হোসেন বলেন, রোববার রাত সোয়া একটার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর হাজীরবেড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। জাহাঙ্গীর মাদক ব্যবসায়ী।
জাহাঙ্গীরের স্বজন বাচ্চু শেখ বলেন, সাতক্ষীরা বাস টার্মিনাল-সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে জাহাঙ্গীর কাজ করেন। তিনি মাদক ব্যবসায় জড়িত নন। শনিবার রাতে পুলিশ খুলনা মোড় এলাকা থেকে তাঁকে আটক করে।
‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ এক: পুলিশ বলেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশীনগর গ্রামে সোমবার রাত আড়াইটার দিকে ডাকাত দলের সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধে’ মো. হারুন (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ হারুনের বাড়ি কাশীনগর গ্রামে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গতকাল রামগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি এলজি, ছয়টি গুলি, দুটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে উষাতন চাকমা ও নেছার আহমেদ নামে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। হারুন দুটি মামলার পলাতক আসামি।