পুলিশের সহযোগিতায় ট্রেনের তিন কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের পরিচালকসহ তিন কর্মকর্তার ওপর বিনা টিকিটের যাত্রীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মচারীরা বিক্ষোভ করেন। এতে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
আহত তিন কর্মকর্তাকে রাজশাহী রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় সহযোগিতা করার অভিযোগে গতকাল সকালেই প্রত্যাহার করা হয় পুলিশের দুই সদস্যকে। তাঁরা হলেন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গাজীউর রহমান ও কনস্টেবল আবদুল হামিদ।
আহত তিন কর্মকর্তা হলেন ট্রেনের পরিচালক ফারুক আহাম্মেদ, টিটিই ওয়ালিউল্লাহ ও অ্যাটেনডেন্ট কে এম তারিকুজ্জামান।
হাসপাতালে চিকিৎসাধীন ওয়ালিউল্লাহ বলেন, রেলওয়ে পুলিশ বিনা টিকিটে নিজেদের লোক বলে (বিয়ারিং) কয়েকজন যাত্রী ওঠায়। বঙ্গবন্ধু সেতু-পূর্ব স্টেশনে এসে এ রকম দুজন যাত্রীকে তাঁরা চার্জ করেন। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। তখন রেল পুলিশ এসে ওই যাত্রীদের পক্ষ নেয়। বিষয়টি তাঁরা রেল পুলিশের নিয়ন্ত্রণকে জানান।
ওয়ালিউল্লাহ বলেন, ওই দুই যাত্রীর বাড়ি ঈশ্বরদীতে। ভোর চারটার দিকে ট্রেন যখন ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে দাঁড়ায়, তখন বহিরাগত ২০ থেকে ৩০ জন ট্রেনে উঠে তাঁদের তিনজনের ওপর হামলা চালায়। তাঁর অভিযোগ, ওই দুই যাত্রী ও রেল পুলিশ ফোন করে বহিরাগত ব্যক্তিদের ঈশ্বরদী স্টেশনে জড়ো করেছিল। তাঁরা ট্রেনের দরজা বন্ধ করে রেখেছিলেন। কিন্তু পুলিশ দরজা খুলে বহিরাগত ব্যক্তিদের ট্রেনে উঠতে সহযোগিতা করেছে। হামলার পর অ্যাটেনডেন্ট একজন যাত্রীকে ধরে রেখেছিলেন। কিন্তু পুলিশের সদস্যরা অ্যাটেনডেন্টকে ঘুষি মেরে ওই যাত্রীকে ছাড়িয়ে নিয়ে বাইরে বের করে দেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ভোর ছয়টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে ঢোকে। হামলার খবর পেয়ে রেলের কর্মচারীরা স্টেশনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে। পরে দুজনকে প্রত্যাহার করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর ক্ষুব্ধ কর্মচারীরা শান্ত হন।
বিক্ষোভের কারণে সকালে রাজশাহী থেকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস ও ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দেরিতে ছাড়ে। সকাল আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার আলী বলেন, এটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। তাঁরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চান।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দাবি করেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, ওই দুই যাত্রী শিল্প পুলিশের সদস্য। তাঁদের বাড়ি ঈশ্বরদীতে। তাঁরা গাজীপুর থেকে বাড়িতে ফিরছিলেন। টিকিট না থাকায় তাঁদের কাছ থেকে ট্রেন পরিচালক ২৪০ টাকা করে নিয়েছেন। এ ছাড়া পরিচালক তাঁদের ডেকে নিয়ে বাজে আচরণও করেন। এরপর ওই যাত্রীরা ফোন করে ঈশ্বরদী স্টেশনে বহিরাগত ব্যক্তিদের ডেকে আনেন। তারাই হামলা চালিয়েছে। পুলিশ রেলওয়ে কর্মকর্তাদের রক্ষার চেষ্টা করেছে।