পুলিশের সহায়তায় চলছে জুয়া
গাইবান্ধায় আনন্দমেলার নামে পুলিশের সহযোগিতায় জুয়া-বাণিজ্য চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব মেলার বিভিন্ন আয়োজন আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের ওপর প্রভাব ফেলছে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার নয়টি স্থানে যাত্রার নামে চলছে অশ্লীল নাচ, হাউজি ও জুয়ার আসর। এগুলো হলো সদর উপজেলার কালীতলা, কদমেরতল, রোস্তমের মোড়, মোল্লারচরের বাজে চিথুলিয়া, কুন্দেরপাড়া ও পশ্চিম বাদিয়াখালী; গোবিন্দগঞ্জ উপজেলার অগ্নিবীণা ক্লাব মাঠ এবং ফুলছড়ি উপজেলার যমুনার বাজার ও দেলুয়াবাড়ী। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় জুয়ার আসর সবচেয়ে বেশি। গত ২০ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত স্থানীয় লোকজন দুবার করে কালীতলা ও কদমেরতল জুয়ার আসর ভেঙে দেয়। তবে ২২ জানুয়ারি থেকে আবার আসর শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, মেলাগুলোতে অবৈধভাবে বিদ্যুৎসংযোগ দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের ছত্রচ্ছায়ায় প্রভাবশালীরা জড়িত থাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক আনন্দমেলার এক আয়োজক বলেন, হাউজি ও জুয়া চালানোর জন্য সদর থানার পুলিশকে দৈনিক ১০ হাজার টাকা দিতে হচ্ছে।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ জানান, হাউজি ও জুয়া খেলা বন্ধ করতে বললে পুলিশ অবরোধে নিরাপত্তার দায়িত্ব পালনের ব্যস্ততা দেখাচ্ছে। আসলে ব্যস্ততার নেপথ্যে তাঁরা জুয়া-বাণিজ্য করছেন। ফলে মানববন্ধন, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেও কোনো প্রতিকার মিলছে না। জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, ‘জুয়া বন্ধের দাবিতে ৩ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আজকের পর আর এসব চলতে দেওয়া হবে না। তার পরও চলছে।’
তবে গাইবান্ধা সদরের ইউএনও আশরাফুল মোমিন খান বলেন, যাত্রা, জুয়া খেলা সাধারণত রাতে চলে। রাতে জুয়া খেলা বন্ধ করার জন্য পুলিশের সহায়তা দরকার। কিন্তু কয়েক দিন ধরে সহযোগিতা চেয়েও সদর থানার পুলিশের কাছ থেকে তা পাওয়া যাচ্ছে না।
তবে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশ সব সময় ব্যস্ত থাকে। তাই জুয়া খেলা বন্ধ করতে পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের স্কুলশিক্ষক সাদেকুল ইসলাম বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যাত্রাগানের মাইকের শব্দে পরীক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে। কোনো কোনো শিক্ষার্থী লুকিয়ে যাত্রা দেখতে যাচ্ছে।
উপজেলার বল্লমঝাড় গ্রামের ব্যবসায়ী আবেদুর রহমান জানান, জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। ২৬ জানুয়ারি রাতে তাঁর তিনটি গরু চুরি হয়েছে।