পুলিশের সহায়তায় জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুলিশের সহায়তায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জমি দখল, পুকুরে বিষ ঢেলে মাছ লুট এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে।
আগামী চার দিনের মধ্যে দখল করা পুকুর ও জমি ফেরত না দিলে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আদিবাসী পরিষদের জেলা শাখা আগামী বুধবার জয়পুরহাট শহরে মানববন্ধন করবে বলে জানান আদিবাসী নেতারা। জেলা প্রেসক্লাবে গতকাল বেলা ১১টার দিকে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর কিরকি, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, পরিষদের জেলা শাখার সভাপতি বাবুল রবিদাস, জেলা আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক সুরেশ রবিদাস ও যুগ্ম আহ্বায়ক নিকোলাস খালকো।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়েন জমির মালিক উজ্জ্বল পাহান। তিনি বলেন, তিলকপুর ইউনিয়নের নূর নগর গ্রামের আরিফ উদ্দিন, আজাদ হোসেন, সোলায়মান আলী, আতাউর রহমান, ওমর ফারুক, সাদেক আলীসহ ৫০-৬০ জন লাঠিয়াল পুলিশ সঙ্গে নিয়ে গত শুক্রবার সকাল ১০টার দিকে শিয়ালাপাড়া গ্রামে তাঁদের বাড়িতে হামলা করে। পুলিশের সামনে হামলাকারীরা তাঁদের পরিবারের শ্যামল পাহান (৪০), ভিম পাহান (৩৫), মাধব পাহান (৫০), মোহন লাল পাহানকে (৬০) বেঁধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁদের মারধর করে জমি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ সময় হামলাকারীরা নূর নগর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় একটি পুকুরে সাদেক আলী বিষ ঢেলে দেন। পরে মরা মাছ ভেসে উঠলে তাঁরা জাল দিয়ে তুলে নিয়ে যান।
উজ্জ্বল পাহান আরও বলেন, পুকুরটি তাঁরা তিলকপুর বাজারের সিরাজের কাছে ইজারা দিয়েছিলেন। ওই পুকুরসহ এ জমি তিলকপুর বাজারের সাদেকসহ ১০-১২ জন নিজেদের সম্পত্তি দাবি করে আসছেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাই এ ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা। এ ছাড়া হামলাকারীরা ফসল নষ্ট করে তাঁদের জমিটি দখল করে নেয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাঠে আলু, সরিষা, শিম, বেগুন, ক্ষীরা, লাউ, মরিচগাছ উপড়ে ফেলা হয়েছে। খেত-সংলগ্ন বিশাল একটি পুকুরে লোকজন মাছ ধরছে। পুকুরপাড়ের ওপরে থাকা একটি টংঘর ভাঙার কাজ করছে দুজন। এ সময় শ্যামল পাহান বলেন, পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন খেতের ফসল নষ্ট করেছে এবং পুকুরে বিষ দিয়েছে।
তিলকপুর বাজারের সাদেক হোসেন বলেন, তিনিসহ তিলকপুর বাজারের ১০-১২ জন ওই ১২ একর ১১ শতক সম্পত্তির কবলাসূত্রে মালিক। আদিবাসীরা ৪০-৪৫ বছর আগে জমিগুলো বিক্রি করে দিয়েছিলেন। গত শুক্রবার তাঁরা জমিতে গেলে আদিবাসীরা তাঁদের ওপর হামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস বলেন, এই জমি নিয়ে আক্কেলপুর উপজেলা সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। পৈতৃকসূত্রে আদিবাসী পরিবারগুলো ওই সম্পত্তি ভোগদখলে রয়েছে। এ ঘটনায় জমির মালিক উজ্জ্বল পাহান আক্কেলপুর থানায় গত শুক্রবার বিকেলে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, তিনি ঘটনাস্থলে যাননি। তবে তিন বছর আগে একটি পুকুর সিরাজুল ইসলাম ইজারা নেন। গত বছরের ৩১ ডিসেম্বর ইজারার মেয়াদ শেষ হয়। কিন্তু পুকুরের দখল ফিরে না পাওয়ায় এ বিষয়ে পুকুরটির মালিক দাবিদার সাদেক আলী ও আতাউর রহমান থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বিষয়টি তদন্ত করে দেখার জন্য থানার উপসহকারী পরিদর্শক আবদুল কুদ্দুস এবং এক কনস্টেবলকে গত শুক্রবার ঘটনাস্থলে পাঠান। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে আসেন।