পুলিশের সহায়তায় বিএনপি সমর্থকের বাড়িতে আগুন?
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভারইল গ্রামে গতকাল বৃহস্পতিবার পুলিশের সহায়তায় বিএনপির সমর্থক একটি পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক সরকারের বাড়ি। তিনি প্রায় চার বছর আগে মারা যান। তাঁর ছোট ভাই ফজলুল হক সরকার রাজনীতি না করলেও বিএনপির সমর্থক। ৫ জানুয়ারির নির্বাচনের পর ভারইল গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন করার অভিযোগে ভরাইল বাজারে তাঁর কয়েকটি দোকানে সম্প্রতি বিএনপির সমর্থকেরা হামলা করেন। এর জের ধরে গত বুধবার সকালে আওয়ামী লীগের কয়েকজন কর্মী ভারইল বাজারে ফজলুল হক সরকারকে কুপিয়ে আহত করেন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের সমর্থকেরা ফজলুল হকের বাড়িতে হামলা করার ঘোষণা দেন। বিষয়টি জানাজানি হলে সকাল থেকে পুলিশ ওই বাড়িতে টহল দেয়। আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করার জন্য ফজলুল হক সরকারের পরিবারের লোকজন ও স্থানীয় বিএনপির সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতও ছিলেন। কিন্তু বিকেল চারটার দিকে পুলিশ এসে তাঁদের তাড়িয়ে দেয়।
ফজলুল হক সরকারের ভাতিজা ও ঘটনার প্রত্যক্ষদর্শী নাদিমুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা গফরগাঁও শহর থেকে পাঁচটি পিকআপ ভ্যানে করে এসে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে অতর্কিত বাড়িতে ঢুকে দুটি ঘরে আগুন দেন। এ সময় পুলিশ কাছাকাছি অবস্থান করলেও এগিয়ে আসেনি। তিনি বলেন, হামলাকারীরা মুঠোফোনে আবারও হামলা করার হুমকি দিচ্ছে।
তবে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ দাবি করেন, পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটেনি। পুলিশ দুপুরে খাওয়ার জন্য গেলে ছাত্রলীগের কয়েকজন এসে ফজলুল হকের একটি ঘর ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান দাবি করেন, স্থানীয় দুর্বৃত্তরা এ হামলা করেছে৷ এর সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নন।