পুলিশের সামনে দরপত্র ছিনতাই, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর সাড়ে ১২টা। অধ্যক্ষের কক্ষে পুলিশ, শিক্ষক ও ঠিকাদারেরা আছেন। অধ্যক্ষ জমাপড়া দরপত্র দেখছেন। যুবলীগের সাবেক নেতা জাহিদ হোসেন একটি দরপত্র ছোঁ মেরে ছিনিয়ে নেন। পরে কক্ষের বাইরে তাঁর এক সহযোগীর হাতে দেন। সহযোগী দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ জাহিদকে আটক করে। পরে দরপত্রটিও উদ্ধার করে।

গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। জাহিদ হোসেন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানতে চাইলে অধ্যক্ষ নূরুজ্জামান প্রামাণিক বলেন, তাঁর প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ও কম্পিউটারের যন্ত্রাংশ কেনার জন্য ১ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। গত বুধবার ছিল দরপত্র কেনার শেষ দিন। জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা। সাড়ে ১২টায় তাঁর কক্ষে দরপত্রের বাক্স খোলা হয়। অন্যদের মধ্যে দরপত্র জমা দেওয়া ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। দরপত্রগুলো তাঁর (অধ্যক্ষের) টেবিলের ওপর রাখা হয়। হঠাৎ করে জাহিদ একটি দরপত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় জাহিদকে আটক করা হয়।

বেলা একটায় অধ্যক্ষের কক্ষে গিয়ে দেখা গেছে, জাহিদকে হাতকড়া পরিয়ে সোফায় বসিয়ে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তারা তাঁর সঙ্গে কথা বলছেন। দরপত্র ফেরত দেওয়ার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করছেন। এই পরিপ্রেক্ষিতে বেলা একটা ২০ মিনিটে জাহিদের সহযোগীরা পলিটেকনিকের সামনের একটি চায়ের দোকানে দরপত্রটি রেখে যান। পরে পুলিশ তা উদ্ধার করে অধ্যক্ষের হাতে দেন। পাশাপাশি জাহিদকে কুষ্টিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে জাহিদকে ৫০০ টাকা জরিমানা করা হয়। টাকা আদায়ের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।