পুলিশের সামনে পিটিয়ে আহত করার অভিযোগ
লালমনিরহাটে গত শুক্রবার পুলিশের সামনে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার শ্রমিক লীগ মানববন্ধন এবং আহত ব্যক্তির পরিবার সংবাদ সম্মেলন করেছে।
আহত হওয়া ব্যক্তির নাম আজিজার রহমান (৬০)। তাঁর বাড়ি সদর উপজেলার তিস্তা গ্রামে। তাঁকে শুক্রবার রাতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল দুপুরে লালমনিরহাট-রংপুর-ঢাকা মহাসড়কের তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক লীগের ব্যানারে মানববন্ধন করা হয়। এ ছাড়া সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আজিজার রহমানের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আজিজারের স্ত্রী রোকেয়া পারভীন লিখিত বক্তব্যে বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে আফজাল নগরের সেকেন্দার আলী এবং তাঁর তিন ছেলে মো. রিপন, খোকন ও আনারুল তিস্তা সড়ক সেতু টোল প্লাজা এলাকায় তাঁর স্বামী আজিজার রহমানকে মারধর করে আহত করেন। এ সময় তাঁর স্বামী বিষয়টি পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলামকে জানালেও তিনি তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি।
এসআই সিদ্দিকুল ইসলাম দাবি করেন, তাঁর সামনে শুক্রবার সন্ধ্যায় তিস্তা টোল প্লাজা এলাকায় কোনো মারামারির ঘটনা ঘটেনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হামলায় জড়িত সেকেন্দার আলীর ছেলে রিপন বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় তিস্তা টোল প্লাজা এলাকার একটি চায়ের দোকানে আজিজার রহমানের সঙ্গে আমার মেজো ভাই খোকনের জমিজমার বিষয় নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। আমি তা জানতে পেরে ওই চায়ের দোকানে গিয়ে আমার ভাইকে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দিই।’