পুলিশের সামনেই আসামির মনোনয়নপত্র জমা!
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে পুলিশের উপস্থিতেই অস্ত্র ও বিস্ফোরক মামলার প্রধান আসামি গত সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি।
ওই আসামির নাম সাজেদুর রহমান ওরফে শাহিন। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা সোহেল মোহাম্মদ ফিরোজের কাছে মনোনয়নপত্র জমা দেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সদস্য রেজাউল করিম বলেন, অস্ত্র ও বিস্ফোরক আইনে করা যেকোনো মামলা অজামিনযোগ্য ও আমলযোগ্য। তাই আদালতের পরোয়ানা ছাড়াই এ মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে।
প্রত্যক্ষদর্শী ১০ ব্যক্তি বলেন, সোমবার সকাল থেকেই প্রার্থীরা মোটরসাইকেলের মহড়া ও নেতা-কর্মীদের মিছিল নিয়ে উপজেলা সদরে মনোনয়নপত্র দাখিল করতে আসছিলেন। এ সময় উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। ফটকে তল্লাশি করে প্রার্থী ও সীমিত সংখ্যক সমর্থকদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল। বেলা ১১টার পর শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের তিনজন কর্মকর্তা এবং কয়েকজন কনস্টেবল ফটকের তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিলেন। দুপুরের পর ওই ফটক দিয়েই নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিলের জন্য আসেন খড়না ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজেদুর রহমান। মনোনয়নপত্র জমা দিয়ে একই ফটক দিয়ে বেরিয়ে যান তিনি।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘সাজেদুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ধারায় দুটি মামলা রয়েছে। তিনি পলাতক। জামিন নিয়ে থাকলে আদালতের আদেশের অনুলিপি থানায় জমা দেওয়ার কথা। তাঁর জামিনের কাগজ পাইনি। পুলিশ চলে আসার পর বিকেলের দিকে তিনি মনোনয়ন দাখিল করেছেন বলে শুনেছি।’
রিটার্নিং কর্মকর্তা সোহেল মোহাম্মদ ফিরোজ বলেন, বেলা দুইটার পরপর সাজেদুর রহমান নিজে এসে মনোনয়নপত্র দাখিল করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, মামলায় দণ্ডিত না হলেও কিছু নির্দিষ্ট ধারায় প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকলে বাছাইকালে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। ওই প্রার্থীর বিরুদ্ধে সে রকম ধারায় মামলা থাকলে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ উপজেলার ওমরদীঘি বাজারে সাজেদুর রহমানের ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে ১১টি তাজা ককটেল, একটি বিদেশি চাকু ও বেশ কিছু লাঠি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিনই তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে। অস্ত্র আইনে করা মামলায় তাঁকে প্রধান আসামি এবং ককটেল উদ্ধারের ঘটনায় ২ নম্বর আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছিল, সাজেদুর রহমানসহ তাঁর পাঁচজন সহযোগী অস্ত্র নিয়ে শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
থানা-পুলিশের একাধিক সূত্র জানায়, সাজেদুর রহমানকে গ্রেপ্তার না করার জন্য পুলিশের ওপর দলীয়ভাবে চাপ ছিল। জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার আশীর্বাদপুষ্ট হওয়ায় গ্রেপ্তারযোগ্য হলেও তিনি পুলিশের সামনেই ঘুরে বেড়ান। এ কারণে সোমবারও পুলিশ তাঁকে গ্রেপ্তারে সাহস পায়নি।
পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, অস্ত্র মামলার আসামি পুলিশের সামনে পড়লে তাঁকে গ্রেপ্তার করার কথা। পুলিশ ইচ্ছে করে গ্রেপ্তার না করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।