পুলিশের সামনেই ট্রাকে আগুন

টহল পুলিশের সংকেত পেয়ে ট্রাক থামান চালক। গাড়ি থেকে নেমে পুলিশকে কাগজপত্র দেখানোর সময় পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এই সময় গাড়িতে ছিলেন সহকারীরা। গাড়িতে আগুন জ্বলে ওঠার পর কোনো রকমে বের হয়ে আসেন তাঁরা।
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে পুলিশের সামনেই পরিত্যক্ত কাগজবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অবরোধের সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এই ঘটনার পর জিইসি মোড় থেকে নাসিরাবাদ উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কের এক পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে যানজট সৃষ্টি হয়।
ট্রাকচালক মোহাম্মদ আলম বলেন, ‘নগরের ফ্রি পোর্ট এলাকা থেকে কাগজ নিয়ে নাসিরাবাদ শিল্প এলাকায় যাচ্ছিলাম। যাওয়ার পথে জিইসি মোড় এলাকায় টহল পুলিশ গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে চায়। গাড়ি থেকে নেমে কাগজপত্র দেখানোর সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।’
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম শহিদুর রহমান বলেন, ‘ধারণা করছি, অবরোধকারীরা ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকতে পারে।’
সন্ধ্যার পর নগরের তিনপোল এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আকরাম।