নোয়াখালী শহরে গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ের (ম্যাটস্) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একজন সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাও নির্দয়ভাবে পিটিয়েছেন শিক্ষার্থীদের। ওই কর্মকর্তার নাম মিজানুর রহমান। তিনি নোয়াখালী জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত বুধবার দেশের বিভিন্ন স্থানে ম্যাটসের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার নোয়াখালী শহরে মিছিল বের করা হয়। মিছিল থেকে একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমানও লাঠি হাতে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় পুলিশ তাঁকে নিবৃত্ত করেনি।
শিক্ষার্থীদের পেটানোর বিষয়ে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মিজানুর রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ম্যাটস্ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকে অবস্থান করার কারণে তিনিও দীর্ঘ সময় ধরে দপ্তরে আটকা পড়েন। এ সময় শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের কাছে যাওয়ার পরামর্শ দিলে একজন তাঁকে গালি দেন। এর প্রতিশোধ নিতে গিয়ে তিনি লাঠি নিয়ে হামলা করেন।
পুলিশের সামনে শিক্ষার্থীদের পেটানোর বিষয়ে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা বলেন, ম্যাটস্ শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর করতে থাকেন। এতে অনেক সাধারণ মানুষও খেপে গিয়ে লাঠিসোঁটা হাতে নেন। সেটেলমেন্ট কর্মকর্তা হয়তো তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। পুলিশ তখন বিষয়টি সেভাবে খেয়াল করেনি।
এদিকে বৃহস্পতিবারের সংঘর্ষের সময় আটক ১১ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে গতকাল শুক্রবার সকালে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান।