পুলিশের সার্ভিস ডেস্কে অভিযোগ বেশি চুরি ও পারিবারিক কলহের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে কাজ করছেন উপপরিদর্শক (এসআই) সুইটি
ছবি : প্রথম আলো

সংসার চালানোর খরচ দেন না স্বামী। দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটে রোকসানা খাতুনের। সংসার খরচের টাকা চাইলে স্বামী রেজাউল করিম খান মারধর করেন তাঁকে। স্বামীর বিরুদ্ধে এমনই এক অভিযোগ নিয়ে সম্প্রতি রাজধানীর রমনা থানায় আসেন রোকসানা। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে অভিযোগ নিয়ে রোকসানা প্রথমে থানার ডিউটি অফিসারের কাছে যান। সেখান থেকে তাঁকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) তানিয়া আক্তার রোকসানার অভিযোগ লিখে দেন। তানিয়া আক্তারের এই ডেস্কটি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক হিসেবে পরিচিত।

২০২০ সালের জানুয়ারি মাস থেকে এ সার্ভিস ডেস্ক পরীক্ষামূলকভাবে চালু করে বাংলাদেশ পুলিশ। ১০ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পুলিশের এ সেবাটির। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি থানা সরেজমিনে ও সেবা নিতে আসা পাঁচজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।

পুলিশ বলছে, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে একজন পুলিশের উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন পুলিশ কনস্টেবলসহ পাঁচজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাঁরা সবাই পুলিশের নারী সদস্য।

সার্ভিস ডেস্ক সূত্রে জানা যায়, দিনে ১০টি অভিযোগ পেলে এর ৬ থেকে ৭টি অভিযোগ পাওয়া যায় হারানো ও পারিবারিক সমস্যাসংক্রান্ত। আর ভুক্তভোগী নারীরা বলছেন, এ ডেস্কে সবাই নারী পুলিশ থাকায় আমরা যেকোনো কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারি।

সার্ভিস ডেস্কে বসে এএসআই তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রথমে রোকসানার অভিযোগ শুনলাম। তিনি লিখতে পারেন না। পরে নিজের হাতে তার অভিযোগ লিখে দিয়েছি। এ ধরনের অভিযোগ তদন্তে আদালতের অনুমতি লাগে। এখন থানার ওসির মাধ্যমে অভিযোগটি অনুসন্ধানের জন্য আদালতে পাঠিয়েছি। অনুমতি পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই ডেস্কে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এএসআই তানিয়া বলেন, ‘নারীরা অনেক অভিযোগ নিয়ে আসেন, যেগুলো পুরুষ কর্মকর্তাদের সামনে বললে লজ্জা পান। যেহেতু এই সার্ভিস ডেস্কের সবাই নারী পুলিশ সদস্য। তাই ভয়-ডরহীনভাবে আমাদের কাছে তাঁদের মনের কথা খুলে বলতে পারেন।’

পল্টন থানায় এ সার্ভিস ডেস্কে এক ঘণ্টায় প্রায় ১০টি অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগকারীদের ১০ জনই ছিলেন নারী। সার্ভিস ডেস্কের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সুইটি প্রথম আলোকে বলেন, ‘সবচেয়ে বেশি পাই হারানোর অভিযোগ। এরপর বেশি অভিযোগ আসে পারিবারিক কলহ বিষয়ে। নারী হয়ে একজন নারীকে সাহায্য করতে খুব ভালো লাগে।’

পুলিশের এই এসআই বলেন, গত চার মাসে তিনি দুটি শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। সন্তান ফিরে পেয়ে মা-বাবা অনেক খুশি হয়েছেন। এ আনন্দ বলে বোঝানোর মতো নয়।

ডিএমপির শাহবাগ থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবল শাহিনুর আক্তার বলেন, ‘এ থানায় মোবাইল হারানোর জিডি সবচেয়ে বেশি হয়। এ ছাড়া ফেসবুক হ্যাকড, ভয়ভীতি হুমকির ঘটনাও অনেক অভিযোগ পাওয়া যায়। প্রতিটি অভিযোগ আমরা গুরুত্বসহকারে নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।’

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত দুই বছরে এই সার্ভিস ডেস্কের মাধ্যমে ৩ লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে সেবা প্রদান করা হয়েছে। যাদের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ জন শিশু, ১ লাখ ৩৮ হাজার ৩২৫ জন পুরুষ এবং ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে।