পুলিশের হাত থেকে আসামি ছিনতাই
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী বাজারে গত বৃহস্পতিবার রাতে পুলিশকে মারধর করে এক আসামিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেওয়া আসামির নাম আনিছুর রহমান (৪২)। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আসমি করে মামলা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শঠিবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীর কাছে চাঁদা দাবির অভিযোগে গত ২৫ আগস্ট আনিছুর রহমানসহ চারজনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই সরওয়ার আলম একজন সিপাহিকে সঙ্গে নিয়ে সাদাপোশাকে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শঠিবাড়ী বাজার থেকে আনিছুরকে গ্রেপ্তার করেন। হাতকড়া পরিয়ে তাঁকে থানায় নেওয়ার সময় আকস্মিকভাবে আনিছুরের ভাই সামছুল আলমের (৪৮) নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের মারধর করে আনিছুরকে ছিনিয়ে নিয়ে যায়।
আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সোবহান বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, সরকারি কাজে বাধাদানসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদেরও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, চাঁদাবাজি এবং আসামি ছিনতাই করে নেওয়ার মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।