পুলিশের হাত থেকে পালাতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে অসুস্থ হয়ে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মিজানুর রহমান ওরফে হেলাল (২৫)। গত শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। তিনি বসুরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুই শিবির কর্মী ফখরুল ইসলাম (২৫) ও ফজলুল করিমকে (২৩) বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল থেকে আটক করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ। একই সময় সেখানে মোটরসাইকেল যোগে হাজির হন জামায়াত কর্মী মিজানুর রহমান। এ সময় পুলিশ তাঁকেও আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১০টার দিকে জামায়াত-শিবিরের ছয়-সাতজন কর্মী বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেলে বসে গোপন বৈঠক করছে মর্মে থানায় খবর আসে। পুলিশ সেখানে গিয়ে মিজানুরসহ তিনজনকে আটক করে। এর মধ্যে মিজানুরের মোটরসাইকেল থাকায় একজন আনসার সদস্যের সঙ্গে তাঁকে থানার উদ্দেশে পাঠানো হয়। পথে মিজানুর মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে তাঁর বাড়ির ভেতর ঢুকে যান। আধঘণ্টা পর খবর আসে মিজানুর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।

ওসি সৈয়দ ফজলে রাব্বী আরও বলেন, আটক করা দুই শিবির কর্মীর মধ্যে ফজলুল করিমের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকায় তাঁকে গতকাল থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আর ফখরুল ইসলামকে পুলিশের ওপর হামলার একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। আনসার সদস্যের গাফিলতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঘটনার বিষয়ে নিহত মিজানুরের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। গতকাল সকালে গণমাধ্যম কর্মীরা তাঁদের বাড়িতে গেলেও তাঁরা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। পরে মিজানুরের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুদ্দীন হায়দারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১০টার দিকে শিবিরের দুই কর্মী একটি ইফতার অনুষ্ঠানের ইফতারের অর্ডার (ফরমাশ) দিতে গ্র্যান্ড হোটেলে যান। কিছুক্ষণ পরই পুলিশ গিয়ে তাঁদের আটক করে। একই সময় জামায়াত কর্মী মিজানুর সেখানে গেলে তাঁকেও আটক করা হয়। পরে মিজানুরকে পুলিশ মোটরসাইকেল যোগে থানায় আনার পথে তিনি দৌড়ে বাড়িতে ঢুকতেই অসুস্থ হয়ে মারা গেছেন।