পুলিশের হাত থেকে পালানোর পরদিন মিলল লাশ
হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া যশোরের বাঘারপাড়া উপজেলার সাব্বির হোসেন (২৩) গোলাগুলিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত চারটার দিকে বাঘারপাড়া উপজেলার আয়াপুর গ্রামের রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সাব্বির বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
প্রথম আলোকে দেওয়া বাঘারপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমানের ভাষ্য, গতকাল রোববার রাতে মাদক বিক্রেতা দুটি দলের মধ্যে গোলাগুলি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করার সময় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তার ঘাড়ের বাঁ পাশে মাথার নিচে একটি গুলি লেগেছে।
নিহত সাব্বির হোসেনের চাচা নূর মোহাম্মদ আজ যশোর জেনারেল হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরে আমি বাড়ির বাইরে ছিলাম। আমার মেয়ে মুঠোফোনে আমাকে জানায়, বাড়িতে পুলিশ এসে সাব্বিরকে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে গেছে। এ সময় পুলিশ ফাঁকা দুটি গুলিও ছোড়ে। আজ সকালে একজন ফোনে জানায়, আয়াপাড়া গ্রামে সাব্বিরের লাশ পড়ে আছে। এর বাইরে আর কিছু বলতে পারব না।’
ওসি শেখ মতিয়ার রহমানের তথ্যমতে, সাব্বির এলাকার মাদকসম্রাট। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৯১০ বোতল ফেনসিডিল ও একটি শুটারগান উদ্ধার করা হয়। হাতকড়া নিয়ে পুলিশের হাত থেকে তিনি পালিয়ে যান। মাদক, অস্ত্র ও পুলিশের হাত থেকে পালানোর অভিযোগে তিনটি মামলা করার প্রস্তুতি চলছে।