পুলিশের হাতে আটক যুবক ছিনতাই, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের হাতে আটক এক যুবককে ছিনিয়ে নেওয়ার মামলায় মোকলেসুর রহমান (৬০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা আড়াইটার দিকে জেলা সদরের গোপীনাথপুর এলাকার একটি বিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেস সম্পর্কের দিক থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবকের বাবার চাচা।
গত সোমবার রাতে ইউনিয়নের ফলসী গ্রামের বাজারসংলগ্ন মাঠ থেকে পুলিশ ইয়াবাসহ আরিফ মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করে। তখন ওই গ্রামের কয়েকজন পুলিশের ওপর হামলা করে আরিফকে ছিনিয়ে নেন। হামলায় পুলিশের চার সদস্য আহত হন। ওই ঘটনায় রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান নাম উল্লেখ করে ৩১ জনের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া মোকলেস ওই মামলার চার নম্বর আসামি।
মামলার বাদী এসআই আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনিয়ে নেওয়া যুবক আরিফ পলাতক। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।