পুলিশের হাতে কামড়, আসামির পলায়ন
নাশকতার মামলার আসামি এক যুবদল নেতাকে ধরতে গিয়েছিল পুলিশ। ধরেও ফেলেছিল তাঁকে। কিন্তু এতে বাদ সাধেন এলাকার একদল নারী। তাঁদের একজন কামড় বসিয়ে দিলেন এক পুলিশ সদস্যের হাতে। এ সময় পালিয়ে যান ওই আসামি। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গতকাল মঙ্গলবার ঘটে এ ঘটনা।
যুবদল নেতার নাম শফিকুল ইসলাম। তিনি কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম কয়েকটি নাশকতা মামলার আসামি। কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাসের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে ধরতে গতকাল দুপুরে অভিযান চালায়। ঘটনার সময় পাশের চান্দুড়িয়া বাজারে ছিলেন শফিকুল। তাঁকে ধরতে প্রথমে সাদাপোশাকের দুই কনস্টেবলকে পাঠানো হয়। তাঁরা শফিকুলকে গ্রেপ্তারও করেন। কিন্তু অভিযানে পুলিশের অন্য সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন নারী ওই দুই কনস্টেবলের ওপর চড়াও হন। তাঁদের একজন কনস্টেবল সবুজ মোল্যার হাতে কামড় বসিয়ে দেন। এ সময় পালিয়ে যান আসামি শফিকুল। গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।