পুলিশের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি ধরতে সহযোগিতা না করায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলী বাজারে এক ব্যবসায়ীকে পুলিশ লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল রোববার বাজারের দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন।
বেলতলী বাজার ব্যবসায়ী সমিতি ও থানা-পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেওয়ানগঞ্জ থানা-পুলিশের একটি দল বেলতলী বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ সদস্যরা বাজারের ব্যবসায়ীদের অনুরোধ করেন। কিন্তু ব্যবসায়ীরা অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের আটকাননি। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের এক সদস্য এক কাঁচামাল ব্যবসায়ীকে চড়-থাপ্পড় দেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারের তিন শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বাজারে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নেন।
বেলতলী বাজার সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক বলেন, আসামি ধরতে পুলিশকে সহযোগিতা না করায় পুলিশ সদস্যরা বাজারের এক ব্যবসায়ীকে মারধর করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
ওসি মোস্তাছিনুর রহমান বলেন, শনিবারের অভিযানের সময় পুলিশ ওই বাজার থেকে উপজেলার বানারিয়ার চর গ্রামের মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (২৬) ও রেল কলোনি এলাকার আবদুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করে। বাজারের এক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কোনো ব্যবসায়ীকে লাঞ্ছিত করা হয়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে বসে বিষয়টি মিটমাট করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের গতকাল দুপুরে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।