পুলিশের হেফাজতে আসামি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ১৩টি গুলি করে। জসিম উদ্দিন নামে ডাকাতি মামলার এক আসামিকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করতে গেলে কাসিম নগর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে জসিম উদ্দিন ও রামগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক গিয়াস উদ্দিন, কনস্টেবল মো. রাসেল ও নুর হোসেন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করে।
পুলিশ জানায়, ডাকাতির মামলার আসামি জসিমকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। পরে রাত একটার দিকে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। কাসিম নগর গ্রামে পৌঁছালে জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ১০-১৫টি ককটেল নিক্ষেপ করে। এ সময় তারা জসিমকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা সুপারিবাগানের ভেতরে অবস্থান নিয়ে পুলিশ লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাতের দল পালিয়ে যায়। পরে বাগানের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্য রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জসিম উদ্দিনের বাবা তাফাজ্জল হোসেন বলেন, পুলিশ জসিমকে সন্ধ্যায় গ্রেপ্তারের পর রাতে ক্রসফায়ারের উদ্দেশ্যে বাড়ির সামনে নিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাঁর দাবি, এটা সাজানো ঘটনা।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জসিমের বিরুদ্ধে দু-তিনটি ডাকাতি ও অস্ত্র মামলা আছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে।