পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু নিয়ে প্রশ্ন
রাজধানীর চকবাজার থানার পুলিশের হেফাজতে থাকা জাহাঙ্গীর হোসেন (২৪) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, জাহাঙ্গীর থানাহাজতে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের অভিযোগ, জাহাঙ্গীরকে মেরে আত্মহত্যার নাটক সাজাচ্ছে পুলিশ।
চকবাজার থানায় একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় হাজতের বাথরুমের বিমের সঙ্গে গলায় কম্বল পেঁচিয়ে জাহাঙ্গীর আত্মহত্যা করেন বলে দাবি করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মর্গ সূত্র জানায়, জাহাঙ্গীরের গলায় কালো দাগ আছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
তবে জাহাঙ্গীরের বোন শাহানূর আক্তার প্রথম আলোকে বলেন, ‘আত্মহত্যা করার মতো আমার ভাইয়ের কিছু হয় নাই। আর কম্বল দিয়া ফাঁসি দিয়া মরার কথা আমরা বিশ্বাস করি না। পুলিশ মেরে এখন এসব কথা বলতেছে।’
শাহানূর জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে জাহাঙ্গীর তৃতীয়। পরিবারের সঙ্গে পুরান ঢাকার ইসলামবাগে থাকতেন। আগে ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন। কিন্তু পরে ওই চাকরি ছেড়ে দিয়েছিলেন।
তবে জাহাঙ্গীরের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা থাকার কথা স্বীকার করেন শাহানূর।
লাশ হস্তান্তর করে দাফনের খরচ বাবদ পুলিশ ১০ হাজার টাকা দিয়েছে বলে জানান শাহানূর।
এসব বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, জাহাঙ্গীররা দরিদ্র। তাই চকবাজারের কয়েকজন ব্যবসায়ীকে বলে দাফন-কাফন বাবদ টাকা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।
আত্মহত্যা নিয়ে পরিবারের সন্দেহ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, যে কম্বল দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, তা অনেক পাতলা। আর থানাহাজতের বাথরুমে আলাদা করে কোনো ছাদ নেই। দরজার ওপর সিমেন্ট দিয়ে কয়েকটি খুঁটি দেওয়া হয়েছে। ওই খুঁটির সঙ্গে পাতলা কম্বল পেঁচিয়ে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়েছেন। আর ঘটনার সময় থানায় বিদ্যুৎ না থাকায় কেউ বিষয়টি টের পায়নি।
ওসি জানান, এর আগে চুরির মামলাসহ দুটি মামলায় জাহাঙ্গীরকে আটক করা হয়েছিল।
চকবাজার থানার পুলিশ জানায়, চকবাজার থানা এলাকার করিম টাওয়ারের সামনে একটি চিনিবোঝাই ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর মহসীন নামের এক ব্যক্তি চকবাজার থানায় মামলা করেন। এই মামলায় জাহাঙ্গীরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।
আর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না—জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. দেলোয়ার প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের আগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কুমিল্লা থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও ডাকাতি হওয়া ১৬ টন চিনির হদিস মেলেনি।