রামপুরায় চোরাচালানের সোনা আত্মসাতের ঘটনায় তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ১৯ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের মধ্যে নয়জনকে আজ বৃহস্পতিবার এবং ১০ জনকে রোববার দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায় ১৯ জনকে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
আজ হাজির হতে নোটিশ পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও বিভাগের এসি মো. ইকবাল হোসেন, ডিএমপির গোয়েন্দা, অপরাধ ও তথ্য বিভাগের নিরস্ত্র পরিদর্শক মো. ফজলুল হক, উপপরিদর্শক (এসআই) এ এন এস নুরুজ্জামান, মাসুদ মিয়া, রাশেদুল ইসলাম প্রমুখ। রোববার হাজির হতে নোটিশ দেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মতিঝিল বিভাগের এসি জুয়েল রানা, ডেমরা বিভাগের এসি মাঈনুল ইসলাম, পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর ও পরিদর্শক মো. রফিকুল ইসলাম।