রাজধানীর রামপুরায় চোরাচালানের সোনার বার আত্মসাতের ঘটনায় তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ফের পুলিশের ১৯ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঁদের মধ্যে নয়জনকে আগামীকাল বৃহস্পতিবার এবং ১০ জনকে রোববার দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায় এ নোটিশ পাঠিয়েছেন বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
আগামীকাল হাজির হতে যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনারÜ(এসি) মো. ইকবাল হোসেন, ডিএমপির গোয়েন্দা, অপরাধ ও তথ্য বিভাগের পরিদর্শক মো. ফজলুল হক, উপপরিদর্শক (এসআই) কে এম মেহেদী হাসান, আবদুল মান্নান, এ এন এস নুরুজ্জামান, মাসুদ মিয়া, রাশেদুল ইসলাম, পুলিশ কনস্টেবল মো. দেলোয়ার হোসেন ও মো. রহিম প্রমুখ।
এ ছাড়া মতিঝিল জোনের এসি জুয়েল রানা, ডেমরা জোনের এসি মাঈনুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর, মো. রফিকুল ইসলাম, এ এস আই আবুল বাসার মিয়া, নায়েক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ কনস্টেবল এ কে আজাদ, মো. আবুল হাসান, মো. সাইফুল আলম ও নয়ন কুমারকে রোববার হাজির হতে বলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় জানান, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মে মাসে পুলিশের ২৮ সদস্যকে দুদকে হাজির হওয়ার নোটিশ দিলেও উপস্থিত হয়েছিলেন নয়জন। তাঁরা হলেন: ডিবির এসআই আনিসুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল মাহমুদ এবং কনস্টেবল সাইদুল হক, ইকবাল হোসেন, লোকমান হোসেন, রবিউল ইসলাম ও গোলাম সরওয়ার। তাই বাকি ১৯ জনকে এবার নোটিশ দেওয়া হলো।
অভিযোগে জানা যায়, এ বছরের ১৩ মার্চ রাজধানীর রামপুরার বনশ্রী থেকে একটি গাড়ি আটক করে রামপুরা থানার পুলিশ। ১৬ মার্চ মাহিন ও সমীর নামের দুই ব্যক্তি ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে পুলিশ তাঁদের আটক করে। পরে রামপুরা থানার পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁদের দিয়ে ওই গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করে। তবে ওই দুজন দাবি করেন, গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল। বাকি সোনার বারগুলো আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
সোনা আত্মসাতের ঘটনায় ৩১ মার্চ রামপুরা থানার এসআই মঞ্জুরুল ইসলাম, দুই কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগের রাতে তাঁদের তথ্যের ভিত্তিতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়। পরে পুলিশের ওই তিন সদস্য, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম রনির বিরুদ্ধে ৭ এপ্রিল রামপুরা থানায় মামলা করে দুদক।
সোনা আত্মসাতের অভিযোগ ওঠায় এর আগেই রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এবং ওসি (তদন্ত) নাসিম আহমেদকে প্রত্যাহার করা হয়।