পুলিশের 'চাঁদাবাজি'র প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুর এলাকায় সড়ক অবরোধ করেন হবিগঞ্জ জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।

তবে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ বলেছে, চাঁদাবাজি নয়, কাগজপত্র ঠিক না থাকায় দুটি ট্রাকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, গতকাল দুপুরে হবিগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে হাফিজপুর এলাকায় কাঁচামালবোঝাই দুটি ট্রাক আটক করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সত্য রঞ্জন দেব। তিনি কাগজপত্র যাচাই করার আগেই ট্রাক দুটির চালক সিরাজ মিয়া ও মনজিল মিয়ার কাছে ৫০০ করে টাকা চাঁদা দাবি করেন। না দেওয়ায় তাঁদের মারধর করা হয়। খবর পেয়ে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে হাফিজপুর এলাকায় ট্রাক ও লরি এলোপাতাড়িভাবে রেখে মহাসড়কে অবরোধ করেন। তাঁরা মহাসড়কে থাকা পুলিশের তল্লাশিচৌকির প্রতিবন্ধকগুলো (ব্লক) রাস্তার ওপর থেকে খাদে ফেলে দেন। তাঁরা এসআই সত্য রঞ্জন দেবকে থানা থেকে প্রত্যাহারের দাবি জানান।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ও বাহুবল থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার বিচারের আশ্বাস দিয়ে শ্রমিকদের শান্ত করেন এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। বেলা দুইটার দিকে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, দুপুরে মহাসড়কের দুটি গাড়ি আটকের পরপরই শ্রমিকনেতা তোরাব আলী ফোন করে গাড়ি দুটি ছাড়িয়ে নিতে চান। তিনি লোকাল গাড়ির ওপর মামলা না দেওয়ার জন্য অনুরোধ করেন। মামলা দেওয়ার কারণেই তাঁরা এ অবরোধ করেন।

জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি তোরাব আলী বলেন, মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামিয়ে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। চাঁদাবাজি বন্ধের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সত্য রঞ্জন দেব বলেন, তল্লাশিচৌকিতে কাঁচামালবোঝাই দুটি ট্রাক আটক করলে ট্রাকের চালক ইনস্যুরেন্স ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র দেখাতে পারেননি। তাই দুটি ট্রাকের ওপর মামলা দেওয়া হয়। কোনো চালককে মারধর করা হয়নি।