পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, রাজশাহীতে কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে পুলিশের গুলিতে একজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে কাল মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পাঠানো এক বিবৃতিতে এই হরতালের ডাক দেওয়া হয়।

আজ বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে মজির উদ্দিন (৪৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৩০ জন। মজির উদ্দিনের বাড়ি চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে। তিনি মাড়িয়া ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। আজ সন্ধ্যায় তাঁর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, আহত লোকজনের মধ্যে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত ​লোকজনের মধ্যে একটি জাতীয় দৈনিকের আলোকচিত্রী ও পুলিশের ১৩ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুজন ভর্তি হয়েছেন বলে মেডিকেল সূত্রে জানা গেছে। তাঁরা হলেন তুহিন আলী ও মমিন উদ্দিন।

এ দিকে সংঘর্ষের কারণে রাজশাহী-নাটোর মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে র‌্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজমুলতান টুটুল জানান, বেলা সোয়া তিনটার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী একটি মিছিল বের করা হয়। এ সময় বানেশ্বর ট্রাফিক মোড়ের দিক থেকে গিয়ে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। তাঁর দাবি, পুলিশের গুলিতে মজির উদ্দিনের মৃত্যু হয়।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির বলেন, পেট্রলবোমা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির লোকজন পুলিশের ওপরে হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে বাধ্য হয়। গুলিতে এক ব্যক্তির মৃত্যুর কথা তিনি স্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে রাজশাহী-নাটোর সড়কের বানেশ্বর বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মজির উদ্দিন মাটিতে পড়ে যান। বিএনপির কর্মীরা পুলিশের ওপর হামলা করে মজির উদ্দিনের লাশ ছিনিয়ে নিয়ে যান। এ ছবি তুলতে গিয়ে একটি জাতীয় দৈনিকের আলোকচিত্রী আজাহার উদ্দিন মাথায় ইটের আঘাত পান। এ সময় বিএনপির কর্মীরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও গুলি চালায়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, সংঘর্ষের সময় বিএনপির কর্মীদের হামলায় তাদের ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।