পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসী আনোয়ার বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, কনস্টেবল নাজির উদ্দিন, আনোয়ার বাহিনীর সদস্য রাজা মিয়া (৩৭) ও বাচ্চু মিয়া (৪০)। রাজার পায়ে ও বাচ্চু মিয়ার হাতে গুলি লেগেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আনোয়ার হোসেনকে আটক করতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় একদল পুলিশ। আনোয়ারকে আটক করা হবে—সন্ধ্যায় এমন খবর পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়লে আনোয়ারসহ তাঁর বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় এসআই আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম ও কনস্টেবল নাজির উদ্দিন আহত হন। একপর্যায়ে আনোয়ার বাহিনী পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে এবং তাদের লাঠিপেটা করে। সন্ত্রাসীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রাজা মিয়া ও বাচ্চু মিয়া গুলিবিদ্ধ হন।