পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, আহত ৩
কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি সুমন ও তাঁর সহযোগীদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় সুমন, পুলিশের এক উপপরিদর্শকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার পুরোনো পাসপোর্ট অফিসের গলির মাথায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, সোমবার রাত আটটার দিকে কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি সুমনের (২৬) নেতৃত্বে রেসকোর্স এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় ৯-১০ জন সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সুমন ও তাঁর বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ওই সময়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিনের বাঁ হাত ও পিঠে এবং আনসার সদস্য আয়াত আলীর বাঁ হাতে গুলি লাগে।
পুলিশও পাল্টা গুলি ছুড়লে সুমনের ডান পায়ে গুলি লাগে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি রামদা, সাতটি ছোরা, একটি চাকু ও একটি কার্তুজ উদ্ধার করে এবং সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসআই মফিজ উদ্দিন ও আনসার সদস্য আয়াত আলী কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে এসআই মফিজ উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান জানান, পিচ্চি সুমন পুলিশের ২৩ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।