পুড়িয়ে মারা হবে শিক্ষার্থীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের জন্য দপ্তরি নিয়োগ করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে না পারায় বাদ পড়েন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পছন্দের প্রার্থী। এর পর থেকেই ভীতিকর অবস্থা তৈরি হয় স্কুলে।
প্রথমে স্কুলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর ভাঙচুর করা হয় শৌচাগার। সবশেষ স্কুলের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে (নাম প্রকাশ করা হলো না) ডেকে নিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়। এ জন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে (বর্তমানে সাবেক) দায়ী করেছেন। এসব ঘটনায় থানায় লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়। পাশাপাশি প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কমিটির কাছেও লিখিত অভিযোগ করা হয়।
এসব ঘটনায় দুই মাস ধরে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা শিক্ষা কমিটি গত ১০ জুলাই বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেয়।
শিক্ষকেরা বলেন, স্কুলের জন্য দপ্তরি-কাম-প্রহরী নিয়োগের ঘটনাকে কেন্দ্র করেই এমন অবস্থা তৈরি হয়েছে। গত মে মাসে ওই পদের জন্য ছয়জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে মো. শরিফ, নাজিম উদ্দিন ও আরমান হোসেনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। কিন্তু বিজ্ঞাপিত শর্তের চেয়ে বয়স বেশি হওয়ায় (অনূর্ধ্ব-৩০ বছর) মো. শরিফের আবেদনটি বাতিল করা হয়। কিন্তু বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি (নিয়োগ কমিটিরও প্রধান) জসিম উদ্দিন ওই পদে শরিফকে নিয়োগ দেওয়ার ব্যাপারে অনড় থাকেন। নিয়োগ নিয়ে অচলাবস্থা তৈরি হলে একপর্যায়ে তিনি বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের কাছে দেড় লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ ওঠে। এই অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মৌখিক পরীক্ষার মাধ্যমে আরমানকে নিয়োগ দেওয়া হয়। গত ৪ জুন তিনি ওই পদে যোগদান করেন।
বিদ্যালয়ে ভাঙচুর ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের পক্ষ থেকে গত ১২ জুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষক টাকার বিনিময়ে দপ্তরি নিয়োগ দিয়েছেন। আমি এ নিয়ে প্রতিবাদ করায় শিক্ষার্থীদের দিয়ে এখন নানা কাহিনি সাজাচ্ছেন।’
স্কুলের প্রধান শিক্ষক শামীম আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘এই নিয়োগে আমার হাত ছিল না। সভাপতি নিয়োগ কমিটির প্রধান ছিলেন। ইউএনও মৌখিক পরীক্ষা নিয়েছেন।’ তিনি বলেন, শিক্ষার্থীদের হুমকি দেওয়ার বিষয়টিও সুধারাম থানার উপপরিদর্শক টিপু কুমারকে মৌখিকভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, বিদ্যালয়ে হামলা ও শিক্ষার্থীদের হুমকির বিষয়ে ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সরকারি বিদ্যালয়টির পক্ষে কোনো মামলা করলে অবশ্যই প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।