পুড়ে ছাই সুরসাধকের স্মৃতিচিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় গত মঙ্গলবার শহরজুড়ে সহিংসতার সময় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনেও অগ্নিসংযোগ করা হয়। গতকাল বিকেলে তোলা ভবনের ভেতরের ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ায় গত মঙ্গলবার শহরজুড়ে সহিংসতার সময় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনেও অগ্নিসংযোগ করা হয়। গতকাল বিকেলে তোলা ভবনের ভেতরের ছবি l প্রথম আলো
ভাঙচুরের শিকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের মিলনায়তন  l প্রথম আলো
ভাঙচুরের শিকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের মিলনায়তন l প্রথম আলো

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে আগুনে পুড়ে যাওয়া চেয়ার, টেবিল ও আলমারির ধ্বংসাবশেষ। একটু সামনে এগোলেই ২০১১ সালে প্রতিষ্ঠিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ জাদুঘর। আগুনের ধ্বংসচিহ্ন সেখানেও। খ্যাতনামা সুরসাধকের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র, তাঁর লেখা চিঠি ও দুর্লভ কিছু ছবির ছাই ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আগুনে পুড়ে পুরো কক্ষটি কালো। পাশের ঘরটি দাপ্তরিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। সেখানেও সব পুড়ে গেছে। পুরো ভবনটি যেন এক ধ্বংসস্তূপ।
গতকাল বুধবার বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়-সংলগ্ন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে এ চিত্রই দেখা গেল। সহপাঠীর মৃত্যুতে বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্র ও বহিরাগতদের আক্রমণেই এই হাল হয়েছে এ সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির। সুরের অমর সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্ম এই ব্রাহ্মণবাড়িয়াতেই।
ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড এলাকায় গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ছাত্রলীগ, ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষে মাদ্রাসার এক ছাত্র আহত হয়। সোমবার দিবাগত রাত পৌনে তিনটায় মাদ্রাসার আহত ছাত্র মাসুদুর রহমান মারা যায়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সংগীতাঙ্গনের মিলনায়তনের এক কোণে বসে গতকাল ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছিলেন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার। এ সময় উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন।
নবনীতা রায় বর্মণ নামে এক শিক্ষার্থী বললেন, ‘তিন বছর বয়স থেকে এই সংগীতাঙ্গনে সংগীতচর্চা শুরু করি। এটা ছিল আমার আত্মার অংশ। আমার পরিবারটাকে তাঁরা আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে।’
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন সূত্রে জানা গেছে, কণ্ঠ ও যন্ত্রসংগীত এবং চিত্রাঙ্কন ও নৃত্যকলা বিষয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে এখানে চার শ শিক্ষার্থী আছে। এ মিলনায়তন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজেদের অনুষ্ঠানের কাজে ব্যবহার করে।
সূত্র জানায়, ওস্তাদ আলাউদ্দিন খাঁ জাদুঘরে আলাউদ্দিন খাঁর ব্যবহৃত দুটি সরোদ, দুটি বেহালা, একটি সন্তুর, একটি ব্যাঞ্জো ও একটি সারেঙ্গি, তাঁর হাতে লেখা অন্তত ২৫টি চিঠি, হজের সময় সৌদি আরবের বাদশাহর দেওয়া জায়নামাজ, ব্রিটিশ শাসনাধীন তৎকালীন ভারতের দেশীয় রাজ্য মাইহারের রাজা বৃজনাথ সিংয়ের দেওয়া রেওয়াজের দুটি গালিচা, তাঁর নিজের একটি বড় ছবি এবং দেশ-বিদেশের রাষ্ট্রনায়ক, সরকারপ্রধান ও বিশ্ব ব্যক্তিত্বদের সঙ্গে তোলা অন্তত এক হাজার দুষ্প্রাপ্য আলোকচিত্র ও আলোকচিত্রের অনুলিপি ছিল। আগুনের গ্রাসে প্রায় সবই গেছে।
সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার প্রথম আলোকে বলেন, ১৯৫৬ সালে আলাউদ্দিন খাঁ সংগীতের বিভিন্ন ধরনের যন্ত্রপাতিসহ বিভিন্ন জিনিস নিয়ে বাংলাদেশে আসেন। সেই ষাটের দশক থেকে বিভিন্ন উৎস থেকে তাঁর দুর্লভ ছবি, তাঁর ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ শুরু করে এই জাদুঘর উদ্বোধন করা হয়।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন আক্ষেপ করে বললেন, মুক্তিযুদ্ধের সময়েও পাকিস্তানি হানাদার বাহিনী ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলা চালায়নি।
সংগীতাঙ্গনের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, এই ক্ষতি টাকার অঙ্কে বর্ণনা করা যাবে না। যেসব স্মৃতিচিহ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তা ফিরে পাওয়া যাবে না। তবে ভবনসহ বিভিন্ন মালামাল মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিক্ষুব্ধ ছাত্র ও বহিরাগত দুষ্কৃতকারীরা আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ছাড়াও শহরের পুরাতন কাচারি পুকুর-সংলগ্ন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে থাকা সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি, তিতাস ললিতকলা একাডেমি ও ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুলে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।