পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপে কিশোরের লাশ
চট্টগ্রাম নগরের পাঠানটুলী এলাকায় অগ্নিকাণ্ডের দুই দিন পর পুড়ে যাওয়া দোকান থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে দোকানটি পরিষ্কার করার সময় লাশটি পাওয়া যায়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত কিশোরের নাম সাইফুল। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. সেলিমের ছেলে। পাঠানটুলীতে একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কাজ করত সাইফুল।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার জানান, গত শুক্রবার রাতে আগুনে পাঠানটুলী এলাকায় প্রায় ২৫টি দোকানঘর ও বসতবাড়ি পুড়ে যায়। ওই ঘটনায় সেদিন এক ব্যক্তির লাশ পাওয়া যায়। রোববার সকালে পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপ সরাতে গিয়ে সাইফুলের লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় হয়তো সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি খুঁজে পায়নি। লাশটি উদ্ধারের পর সাইফুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে তাঁদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।