পূজা উদ্যাপন পরিষদের নেতাকে হত্যার হুমকি
যশোরের কেশবপুরে পূজা উদ্যাপন পরিষদের এক নেতাকে আইএসের নামে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের নন্দ দুলাল বসুর বাড়ির পেছনের বারান্দায় গত রোববার কে বা কারা একটি চিঠি ফেলে রেখে যায়। চিঠিতে লেখা হয়েছে, ‘তোমার এ দেশের মেয়াদ শেষ। তোমাকে এক মাস সময় দেওয়া হচ্ছে। তোমাকে এক মাসের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে। নতুবা এক মাস পরই তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না।’ ওই চিঠি পেয়ে নন্দ দুলাল বসু গত সোমবার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় জিডি করেন। তিনি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি এবং বিদ্যানন্দকাটি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।
নন্দ দুলাল বসু বলেন, ‘পরিবার নিয়ে ভয়ের মধ্যেই আছি। জিডি করার পর থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তবে কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, নন্দ দুলাল বসুকে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ কাজ করে যাচ্ছে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।