পূজা উদ্যাপন পরিষদের নেতাকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে নন্দ দুলাল বসু নামে পূজা উদ্‌যাপন পরিষদের এক নেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি কেশবপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি এবং বিদ্যানন্দকাটি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নন্দ দুলাল বসুর বাড়ির পেছনের বারান্দায় গত রোববার কে বা কারা একটি চিঠি ফেলে রেখে যায়। চিঠিতে লেখা আছে, ‘তোমার এ দেশের মেয়াদ শেষ। তোমাকে এক মাস সময় দেওয়া হচ্ছে। তোমাকে এক মাসের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে। নতুবা এক মাস পরে তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না।’

চিঠি পেয়ে নন্দ দুলাল বসু গত সোমবার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় একটি জিডি করেন। তিনি বলেন, ‘পরিবার নিয়ে ভয়ের মধ্যে আছি। গ্রামের ফাঁকা রাস্তায় চলতেও ভয় লাগছে। এখন নিয়ন্ত্রিত জীবন যাপন করছি।’ জিডির পর থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নন্দ দুলাল বসুকে দেওয়া হুমকির ঘটনায় পুলিশ কাজ করে যাচ্ছে। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তাঁকে পাঠানো চিঠির ফটোকপি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। যাতে হাতের লেখা দেখে মানুষ বুঝতে পারে হুমকিদাতা কে।