পূজা কমিটির সম্পাদকের ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার রাতে বিকাশ কর্মকার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালীবাড়ি পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক মদন কর্মকারের ছোট ভাই। এ নিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মদন কর্মকারের দাবি, তাঁর ছোট ভাই বিকাশ নির্দোষ। প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে উদ্দেশ্যমূলকভাবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বিকাশের বাড়ি কালীবাড়ি পূজামণ্ডপের অদূরে চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লায়।
গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় বলেন, রিমান্ডে থাকা আসামিদের জবানবন্দি এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিকাশকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে বিকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিকাশকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিমল কুণ্ডু, পৌর কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রশান্ত কুমার সরকার। তাঁরা বলেন, অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ২২ অক্টোবর ভোরে শহরের চাঁচকৈড় কাচারিপাড়ায় কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপের পাঁচটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৩ অক্টোবর মামলা হয়। পরে পুলিশ খিজিরশাহ, তাঁর ছেলে ট্রাকচালক জাহিদ হোসেন, ওমর খন্দকার, মো. ইসলাম, মো. নান্নু ও আনসার সদস্য মো. রজিবকে গ্রেপ্তার করে।