পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূজার ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
ধর্ষণের শিকার শিশু ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাশাপাশি দুই ইউনিয়ন নওদাবাস ও টংভাঙ্গায় দুটি পূজামণ্ডপ বসে। এতে নওদাবাস ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নানাবাড়ির লোকজনের সঙ্গে এক পূজামণ্ডপে বেড়াতে যায় শিশুটি। রাত আটটার দিকে মণ্ডপের পাশে কয়েকটি শিশুর সঙ্গে খেলছিল সে। এমন সময় অপরিচিত এক যুবক তাদের চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে পাশের রাস্তায় নিয়ে যান। পরে কিছুদূর সামনে গিয়ে দুই শিশুর হাতে পাঁচ টাকা ধরিয়ে দিয়ে চকলেট আনতে পাঠান যুবকটি। এ সময় একা হয়ে পড়া তৃতীয় শ্রেণির শিশুটিকে অদূরের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী জানান, শিশুর শরীরে ধর্ষণের আলামত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গতকাল তার ডাক্তারি পরীক্ষা করা হয়নি।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণকারী যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।