পূজামণ্ডপে সন্ত্রাসী হামলায় আহত ৪
কিশোরগঞ্জে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সতাল এলাকার অগ্রগামী সংঘ পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পূজামণ্ডপের কোষাধ্যক্ষ বাপ্পী দত্ত, বাপ্পীর স্ত্রী মুক্তা দত্ত, বাপ্পীর মা নয়ন তারা দত্ত ও পূজামণ্ডপের পুরোহিত কুকিল চক্রবর্তী। তাঁদের মধ্যে মুক্তা দত্তকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে কালীপূজার শেষ পর্যায়ে পূজামণ্ডপে ওই এলাকার রাজেশ কুমার দেব হামলা করে প্রসাদ নষ্ট করেন, মূর্তির কাপড় তছনছ করেন। তিনি পুরোহিতের ওপর হামলা করেন। পরে রাজেশ বাপ্পী দত্তকে চাপাতি দিয়ে কোপ দিলে তিনি জখম হন। এ সময় বাপ্পীর স্ত্রী ও মা এগিয়ে এলে রাজেশ বাপ্পীর স্ত্রীকে চাপাতি দিয়ে মাথায় কোপ দেন ও বাপ্পীর মা নয়ন তারাকে কিলঘুষি, লাথি মারেন। পরে স্থানীয় লোকজন এসে রাজেশকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।