পূজামণ্ডপের নামে চাঁদাবাজি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজামণ্ডপের নামে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চিঠি দিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদা আনতে গেলে পুলিশ তাঁদের হাতেনাতে ধরে ফেলে।
গ্রেপ্তার হওয়া দুই নেতার মধ্যে রেজাউল করিম ওরফে সানি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আর দেলোয়ার হোসেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। রেজাউল গণিত বিভাগের ও দেলোয়ার দর্শন বিভাগের ছাত্র। এই দুজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে বনানী থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বনানী থানার পুলিশ জানায়, ওই দুই নেতা পূজামণ্ডপের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়ে চাঁদাবাজি করছিলেন। চাঁদাবাজির শিকার প্রতিষ্ঠানের মালিকেরা বিষয়টি বনানী পূজামণ্ডপ কমিটির কাছে জানালে তারা থানায় অভিযোগ করে। পরে গতকাল সন্ধ্যায় দুজন বনানীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করতে গেলে পুলিশ তাঁদের ধরে ফেলে। বনানী থানার ওসি সালাহউদ্দীন খান বলেন, তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বনানী পূজামণ্ডপে সজ্জার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান বলেন, তাঁদের দুজনকেই আজীবনের জন্য ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।