পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা ও সদস্য পরিচয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কয়েকজন কর্মকর্তার কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র। এ সময় তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের তিন কর্মকর্তা।
জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক, রাজস্ব সার্কেল-৩-এর কর কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপ-কর কর্মকর্তা হাসান ওসমান গণি ও রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা জানে আলমকে ফোন করে চাঁদা দাবি করা হয় এবং তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক বলেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান মহিউদ্দিন পরিচয় দিয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়।
করপোরেশনের রাজস্ব সার্কেল-৩-এর কর কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য বিপ্লব হিসেবে পরিচয় দেন এবং তাঁর নেতা মহিউদ্দিনের সঙ্গে কথা বলতে বলেন। এরপর ওই ব্যক্তি চাঁদা দাবি করেন এবং না দিলে ছুরি মেরে প্রাণনাশের হুমকি দেন।