পূর্বধলায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর পক্ষের সংঘর্ষ আহত ৫
নেত্রকোনার পূর্বধলার বৈরাটী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থী ও একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ ব্যক্তি হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার মহিমা বাজারে এই সংঘর্ষ হয়।
এ সময় বিদ্রোহী প্রার্থীর লোকজন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও কার্যালয়ের সামনে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে বলে আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত নয়টার দিকে বৈরাটী ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী মো. আনিসুজ্জামান তালুকদার তিনটি সিএনজিচালিত অটোরিকশায় তাঁর লোকজন নিয়ে মহিমা বাজারে দলীয় কার্যালয়ে যান। এ সময় আনিসুজ্জামানের লোকজন হট্টগোল শুরু করলে বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলামের লোকজন তাঁদের শান্ত হতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আনিসুজ্জামানের সমর্থক জজ মিয়া, রেহান মিয়া, স্বপন মিয়াসহ অন্তত পাঁচজন আহত হন। এঁদের মধ্যে জজ মিয়া নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আনিসুজ্জামান তালুকদার অভিযোগ করেন, ‘গত বুধবার রাতে মহিমা বাজারে আওয়ামী লীগ অফিসে কর্মী-সমর্থকদের নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর প্রায় দুই শতাধিক লোক আমাদের ওপর হামলা চালায়। বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানো হয়েছে।’
রেজাউল ইসলাম হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নির্বাচনী মাঠ আমার পক্ষে দেখে দলীয় প্রার্থী ও তাঁর লোকজন সিএনজিতে করে ছোট ছোট বইঠা ও লাঠি হাতে নিয়ে মিছিল করে আমাকে ভোট না দিতে ভোটারদের ভয় দেখাচ্ছে।’
পূর্বধলা থানার ওসি আবদুর রহমান বলেন, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও ঠেলাঠেলি হয়েছে। এ সময় একটি সিএনজি ভাঙচুর হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।