পূর্বধলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আসামির নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি একই উপজেলার বাদেপুটিকা গ্রামের মনোয়ার খানের ছেলে। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রাজ্জাক একই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে শামছুল হক (৪০) হত্যা মামলার প্রধান আসামি। ১৯৯২ সালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে শামছুল হক মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য আবদুল হাসিম বাদী হয়ে রাজ্জাককে প্রধান আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন। হত্যার পর থেকেই রাজ্জাক পলাতক ছিলেন। ১৯৯৫ সালে আদালত মামলার প্রধান আসামির অনুপস্থিতিতে আবদুর রাজ্জাকসহ একই গ্রামের আবদুল আজিজ ও আবদুল কাদিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। আবদুল আজিজ ও আবদুল কাদির কারাভোগের পর ২০০০ সালে উচ্চ আদালত থেকে খালাস পান।

পূর্বধলা থানার ওসি অভি রঞ্জন দেব বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।