পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত মঙ্গলবার বিকেলে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
আটক হওয়া ব্যক্তির বাড়ি উপজেলার হুগলা ইউনিয়নের একটি গ্রামে। মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা পাশের গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় মেয়েটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই ব্যক্তি। ঘটনার সময় ওই ব্যক্তির স্ত্রীসহ অন্যরা বাড়িতে ছিলেন না। শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পূর্বধলা থানার পুলিশ রাত ১১টার দিকে সেখানে এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।