পূর্বধলায় হামলায় আহত ৭
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিশকাকুনি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই প্রার্থীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহত প্রার্থীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়নের বালুচড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিদ্রোহী প্রার্থী আল আমিন ও তাঁর সমর্থকেরা নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বালুচড়া গ্রামে যান। সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে ওই প্রার্থীর বাম হাতে দায়ের কোপ লাগে এবং কয়েক স্থানে কেটে যায়। এ ছাড়া তাঁর তিন সমর্থকসহ অন্তত সাতজন আহত হন।
আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আল আমিন ও তাঁর লোকজন আমার পোস্টার ছেঁড়ার সময় জনতার ধাওয়ায় পড়ে আহত হয়েছেন।’
পূর্বধলা থানার ওসি আবদুর রহমান বলেন, ‘ভাই কয়েক জায়গায়ই মারামারি হচ্ছে। কাজ করছি। এর বেশি কিছু বলতে পারব না।’