বরিশালের গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের সাবেক এক নেতার ওপর গতকাল বৃহস্পতিবার হামলা হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর স্ত্রী, ছেলে ও তিন শ্রমিক আহত হয়েছেন। পূর্ববিরোধের জেরে এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তিরা হলেন মো. আরজ আলী সরদার (৫০), তাঁর স্ত্রী তাসলিমা বেগম (৩৫), ছেলে বাবু সরদার (২২) এবং শ্রমিক নুর ব্যাপারী (৪৫), রাজমিস্ত্রি রেজাউল হাওলাদার (৪০) ও তালেব আলী (২৫)। তাঁদের মধ্যে আরজ আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আরজ আলী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। বাড়ি উপজেলার ইল্লা গ্রামে। গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনে আরজ আলী ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসম্পাদক মো. গিয়াস উদ্দিন (৩৫) একই ওয়ার্ডে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে গিয়াস উদ্দিন নির্বাচিত হন। তখন থেকে দুজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ পরিপ্রেক্ষিতে আরজ আলী গত মঙ্গলবার রাতে গিয়াস উদ্দিনের এক সমর্থককে মারধর করেন। নিজ বাড়ির প্রায় ৫০০ গজ দূরে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। গতকাল সকালে তিনি সেখানে ছিলেন। সকাল সোয়া সাতটার দিকে ১০-১২ জনের একটি দল আরজ আলীর ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আহত হয়ে আরজ আলী মাটিতে লুটে পড়েন। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ সময় চিৎকার শুনে ছুটে এলে তাঁর স্ত্রী, ছেলে ও তিন শ্রমিকের ওপরও হামলা করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ান আবদুস সালাম বলেন, আরজ আলীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে বোমার আঘাত ও মাথায় একাধিক কোপ রয়েছে।