পূর্ববিরোধের জের, মার্কেটে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগের নেতার মার্কেটে বোমা হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা মার্কেটের ২০টি দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরিন্দা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৩ মে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ওয়াদুদ মাহমুদের গ্রুপের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ইবুর সমর্থকদের সংঘর্ষ হয়। এর জের ধরে ওই দিন রাতে চেয়ারম্যান ওয়াদুদ গ্রুপের লোকজন ইব্রাহিম ইবুর বাড়িতে বোমা হামলা ও কুপিয়ে একাধিক ব্যক্তিকে আহত করে। এ ঘটনায় ইব্রাহিমের ভাতিজা আরমান বাদী হয়ে আওয়ামী লীগের নেতা ওয়াদুদ মাহমুদ চেয়ারম্যানের চার ভাইসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওয়াদুদ চেয়ারম্যানের ছোট ভাই কাদির, মোশারফ, কামরুল ও মোক্তার শতাধিক লোকজন নিয়ে আওয়ামী লীগের অপর নেতা ইব্রাহিমের মার্কেটে হামলা চালায়। তারা ওই মার্কেটের ২০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে ওয়াদুদ চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।